দেহের সংযমে আত্মার উন্নতি
দেহের সংযমে আত্মার উন্নতি — সিয়ামের সমন্বিত শিক্ষাআলহামদু লিল্লাহি রব্বিল ‘আলামীন।
আলহামদু লিল্লাহিল্লাযী খালাকাল ইনসান।
ওয়া নাফাখা ফীহি মিররূহিহি।
সালামুন আলা মুহাম্মাদ আল্লাযি যা’য়া বিল কুরআনি মুহাইমিনা।
বন্ধুগণ!
আজ আমরা একটি গভীর প্রশ্নের সামনে দাঁড়াবো।
আমি কে?
আমি কি শুধু এই দেহ?
নাকি শুধু অদৃশ্য প্রাণ?
কেউ বলেন—
আমি দেহ নই, আমি নফস।
কেউ বলেন—
দেহ কিছু না, আসল হলো আত্মা।
কিন্তু কুরআনের দৃষ্টিতে মানুষ হলো সমন্বিত সৃষ্টি।
দেহ ও প্রাণ একে অপরের পরিপূরক।
একটি ছাড়া অন্যটি পৃথিবীতে কার্যকর নয়।
আল্লাহ বলেন—
فَإِذَا سَوَّيْتُهُ وَنَفَخْتُ فِيهِ مِن رُّوحِي
(সূরা আল-হিজর : ২৯)
আমি তাকে গঠন করলাম।
তার মধ্যে আমার পক্ষ থেকে রূহ ফুঁকে দিলাম।
বন্ধুগণ!
এখানে দুইটি স্তর আছে।
১ টি হল- মাটি দিয়ে গড়া এই দেহ।
আর অপরটি হল- আল্লাহপ্রদত্ত প্রাণশক্তি।
দেহ ছাড়া রূহ এই পৃথিবীতে কোন কাজের নয়।
আবার রূহ ছাড়া দেহ একেবারেই অচল।
দেহ হলো বাহন। আর রূহ হলো চালিকা শক্তি।
এখন প্রশ্ন—
সিয়াম কাকে সংযম শেখায়?
দেহকে? নাকি আত্মাকে?
আল্লাহ বলেন—
كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ لَعَلَّكُمْ تَتَّقُونَ
(সূরা আল-বাকারা : ১৮৩)
তোমাদের উপর সিয়াম নির্ধারিত হয়েছে।
যেন তোমরা তাকওয়া অর্জন করো।
বন্ধুগণ!
তাকওয়া হৃদয়ের গুণ।
তাকওয়া রিদয়ের কাজ।
কিন্তু প্রশিক্ষণ শুরু হয় দেহ থেকে।
সিয়ামে দেহ ক্ষুধার্ত হয়।
দেহ তৃষ্ণার্ত হয়।
দেহ ক্লান্ত হয়।
কিন্তু এই দেহের সংযম আত্মাকে জাগিয়ে তোলে।
দেহের চাহিদা কমালে অন্তরের শব্দ শোনা যায়।
পেট ভরা থাকলে নফস শক্তিশালী হয়।
সংযম এলে নফস নিয়ন্ত্রিত হয়।
বন্ধুগণ!
সমস্যা তখন হয় যখন আমরা শুধু দেহকে কষ্ট দিই।
কিন্তু অন্তরকে সংশোধন করি না।
শরীর না খেয়ে থাকে।
কিন্তু মিথ্যা ছাড়ি না।
লোভ ছাড়ি না।
অহংকার ছাড়ি না।
হিংসা ছাড়ি না।
তখন সিয়াম শুধু বাহ্যিক থাকে।
আর অন্তর আগের মতই থাকে।
সিয়ামের প্রকৃত শিক্ষা হলো সমন্বয়।
দেহের সংযমে আত্মার পরিশুদ্ধি।
পানাহার বর্জনে প্রবৃত্তির নিয়ন্ত্রণ।
ক্ষুধার অভিজ্ঞতায় অহংকার ভাঙা।
বন্ধুগণ!
যখন আপনি ক্ষুধার্ত থাকেন,
আপনি উপলব্ধি করেন দরিদ্রের কষ্ট।
যখন আপনি পানি পান করেন না,
আপনি বুঝেন নিয়ামতের মূল্য।
এই উপলব্ধি আত্মাকে নম্র করে।
এই নম্রতা তাকওয়া জন্ম দেয়।
আল্লাহ বলেন—
وَلَا تَتَّبِعِ الْهَوَىٰ فَيُضِلَّكَ عَن سَبِيلِ اللَّهِ
(সূরা সাদ : ২৬)
প্রবৃত্তির অনুসরণ করো না।
তাহলে তা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে।
বন্ধুগণ!
সিয়াম হলো হাওয়ার বিরুদ্ধে প্রশিক্ষণ।
দেহ চায়। কিন্তু আপনি থামিয়ে দেন।
এই থামানো আত্মাকে শক্তিশালী করে।
এই সংযম নফসকে নিয়ন্ত্রণ শেখায়।
তাই দেহ ও আত্মাকে আলাদা করে দেখা ভুল।
দেহকে বঞ্চিত করে আত্মাকে পুষ্ট করা যায় না।
আবার আত্মাকে অবহেলা করে শুধু দেহকে কষ্ট দিয়েও সিয়াম পূর্ণ হয় না।
সিয়াম হলো ভারসাম্য।
দেহের চাহিদা সীমিত করা।
অন্তরের প্রবৃত্তি সংশোধন করা।
বন্ধুগণ!
রোজা শুধু ক্ষুধার অভিনয় নয়।
এটি অন্তরের বিপ্লব।
এটি অহংকার ভাঙার প্রক্রিয়া।
এটি লোভ নিয়ন্ত্রণের অনুশীলন।
ইতেকাফ শুধু মসজিদে বসে থাকা নয়।
এটি অন্তরের কোলাহল থামানো।
এটি দুনিয়ার বিভ্রান্তি থেকে আত্মাকে ফিরিয়ে আনা।
অসুস্থতা ও সফরে ছাড় দেওয়া হয়েছে।
কারণ শরীর দুর্বল হলে ইবাদাতের ভার কমানো হয়।
এটি প্রমাণ করে—
দেহ ও আত্মা একসাথে বিবেচিত।
বন্ধুগণ!
সিয়ামের আসল লক্ষ্য পেট নয়।
প্রবৃত্তির সংশোধন।
অনাহার দেহের।
কিন্তু শুদ্ধি হবে আত্মার।
বাহ্যিক আবরণ নয়।
অন্তরের পবিত্রতা।
সূর্যের সময় গণনা নয়।
অন্তরের অন্ধকার থেকে আলোতে আসা।
দেহ পরিষ্কার রাখা প্রয়োজন।
কিন্তু তার চেয়েও প্রয়োজন অন্তর পরিশুদ্ধ করা।
রমাদান শুধু ক্যালেন্ডারের মাস নয়।
এটি কুরআনসংযুক্ত আত্মার পুনর্জাগরণ।
দেহকে সংযত করে আত্মাকে উন্নত করা—
এই সমন্বয়ই সিয়ামের প্রকৃত শিক্ষা।
দেহ ও প্রাণ পরস্পরের শত্রু নয়।
তারা সহযোগী।
দেহ প্রশিক্ষণের ক্ষেত্র।
আত্মা সেই প্রশিক্ষণের ফলগ্রহণকারী।
বন্ধুগণ!
সিয়াম মানে দেহকে কষ্ট দেওয়া নয়।
সিয়াম মানে দেহকে ব্যবহার করে আত্মাকে গড়া।
এটাই সমন্বিত সিয়াম।
এটাই কুরআনিক সংযম।
এটাই তাকওয়ার পথে দেহ ও আত্মার ঐক্য।
বন্ধুগণ! চলুন
এখন আমরা আরও গভীরে প্রবেশ করি।
মানুষের ভেতরে দুটি প্রবণতা কাজ করে।
একটি হলো শারীরিক চাহিদা।
অন্যটি হলো নৈতিক চেতনা।
শরীর চায় তাৎক্ষণিক তৃপ্তি।
আত্মা চায় স্থায়ী শান্তি।
শরীর ক্ষুধা অনুভব করে।
আত্মা অর্থ খোঁজে।
যখন শরীরের চাহিদা লাগামহীন হয়,
তখন আত্মা দুর্বল হয়ে পড়ে।
যখন আত্মা শক্তিশালী হয়,
তখন শরীর শৃঙ্খলাবদ্ধ হয়।
সিয়াম এই দুইয়ের ভারসাম্য প্রতিষ্ঠা করে।
আল্লাহ বলেন—
قَدْ أَفْلَحَ مَن زَكَّاهَا
وَقَدْ خَابَ مَن دَسَّاهَا
(সূরা আশ-শামস : ৯–১০)
সফল সে-ই, যে তার নফসকে পরিশুদ্ধ করেছে।
ব্যর্থ সে-ই, যে তাকে কলুষিত করেছে।
বন্ধুগণ!
নফস পরিশুদ্ধ করার কাজ মুখের কথায় হয় না।
এটি অনুশীলনের মাধ্যমে হয়।
এটি আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে হয়।
সিয়াম সেই অনুশীলন।
সিয়াম সেই নিয়ন্ত্রণ।
সিয়াম সেই ভেতরের সংগ্রাম।
যখন আপনি ক্ষুধার্ত অবস্থায় মিথ্যা বলেন না,
তখন আপনি আত্মাকে শক্ত করেন।
যখন আপনি রাগের মুহূর্তে নিজেকে থামান,
তখন আপনি আত্মাকে উন্নত করেন।
সিয়াম শুধু খাওয়া বন্ধ করা নয়।
সিয়াম হলো নিয়ন্ত্রণ শেখা।
চোখের নিয়ন্ত্রণ।
জিহ্বার নিয়ন্ত্রণ।
চিন্তার নিয়ন্ত্রণ।
আল্লাহ বলেন—
إِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ
كُلُّ أُولَٰئِكَ كَانَ عَنْهُ مَسْئُولًا
(সূরা আল-ইসরা : ৩৬)
শ্রবণ, দৃষ্টি ও অন্তর—
সবকিছুর জন্য জবাবদিহি আছে।
বন্ধুগণ!
সিয়াম এই জবাবদিহির চেতনা জাগিয়ে তোলে।
যখন আপনি ক্ষুধার্ত থেকেও অন্যায় করেন না,
তখন আত্মা জাগ্রত হয়।
এটি একটি আত্মিক প্রশিক্ষণ শিবির।
এক মাসের সংযম সারা বছরের চরিত্র গড়ে।
কিন্তু যদি আমরা শুধু শরীরকে কষ্ট দিই,
আর অন্তরকে সংশোধন না করি,
তবে সিয়াম অসম্পূর্ণ থেকে যায়।
সিয়াম মানে—
শুধু পেটের নিয়ন্ত্রণ নয়।
হৃদয়ের শুদ্ধি।
চিন্তার পরিশুদ্ধি।
আচরণের পরিবর্তন।
বন্ধুগণ!
রমাদান বাজারের সংকটের নাম নয়।
রমাদান অন্তরের সংকট দূর করার সময়।
রমাদান ক্যালেন্ডারের তারিখ নয়।
রমাদান আত্মজাগরণের পর্যায়।
রোজা ক্ষুধার অভিনয় নয়।
রোজা অহংকার ভাঙার বাস্তব শিক্ষা।
দেহকে সংযত করলে আত্মা নরম হয়।
আত্মা নরম হলে চরিত্র সুন্দর হয়।
চরিত্র সুন্দর হলে সমাজ বদলায়।
এটাই সিয়ামের ধারাবাহিক প্রভাব।
সিয়াম আমাদের শেখায়—
আমি দেহের দাস নই।
আমি প্রবৃত্তির দাস নই।
আমি আল্লাহর বান্দা।
এই উপলব্ধিই হল তাকওয়া।
আর তাকওয়াই হল সিয়ামের মানজিল।
বন্ধুগণ!
দেহ ও প্রাণ একসাথে আল্লাহর আমানত।
দেহকে শৃঙ্খলিত করে আত্মাকে উন্নত করা—
এই যে সমন্বয়! এটাই প্রকৃত সিয়াম।
সিয়াম মানে—
সংযমে শক্তি।
অনাহারে উপলব্ধি।
নীরবতায় জাগরণ।
এই পথেই দেহের সংযমে আত্মার উন্নতি ঘটে।
এই পথেই মানুষ সত্যিকারভাবে রূপান্তরিত হয়।
0 Comments